খোকসায় নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে খোকসা উপজেলার কাদিরপুর প্রধান সড়কের পাশে অবস্থিত তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ ওয়াজেদ বাঙালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুহম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর হাই স্কুলের শিক্ষক মহসিন আলী, পাইকপাড়া মির্জাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুজ্জামান, মোঃ শহিদুজ্জামান সাগরসহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইব্রাহিম, পরিচালক মোঃ আশরাফুজ্জামান, পরিচালক (প্রশাসন) মোঃ মাহবুবুর রহমান শুভ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ রাসেল খান। এতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক গান, কবিতা পরিবেশন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, তামিম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা আগামী দিনে শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।