কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শাম্মিয়ারা আক্তার নামের এক নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে গোপালপুর পশ্চিমপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের কাছ থেকে এক একর ৭২ শতক জমি ক্রয় করেন শাম্মিয়ারা আক্তার। ওই জমির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দখলকৃত জমিতে খেসারি তুলতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
শাম্মিয়ারা আক্তারের দাবি, উক্ত জমির বৈধ মালিকানা তার নামে রয়েছে এবং এসএ/আরএস রেকর্ড ও ক্রয়কৃত দলিল তার কাছে সংরক্ষিত আছে। জমির দখল নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, শাম্মিয়ারা আক্তারের নামে দলিল ও এসএ/আরএস রেকর্ড থাকতে পারে, তবে আমরা প্রায় ৫৫ বছর আগে চোপুলা পালের কাছ থেকে বায়নামা সূত্রে জমিটি ক্রয় করেছি। তখন থেকেই জমিটি আমাদের দখলে রয়েছে। তিনি মারধরের অভিযোগ অস্বীকার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কুমারখালী থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
