মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বামনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে। আহতরা হলেন, বামনপাড়া গ্রামের মো. গোলাম সরোয়ার’র ছেলে কামরুল হাসান (৪০), পিতা এবং বামনপাড়া গ্রামের মৃত রুস্তম আলী’র ছেলে সাইদুর রহমান (৪০)।
আহতদের পরিবারের দাবি, তারা দীর্ঘ ৪৫ বছর ধরে ক্রয়কৃত জমি ভোগ দখলে রয়েছেন। সম্প্রতি ওই জমিকে কেন্দ্র করে দবির হোসেন দুলাল-এর নেতৃত্বে প্রায় ২০ থেকে ৩০ জন লোক লোহার রড, হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কামরুল ও সাইদুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা অভিযোগ করেন, দবির, আতিয়ার ও কালামসহ কয়েকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এদিকে ঘটনাটির সত্যতা জানতে দবির হোসেন দুলালের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
তবে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। অপরদিকে আতিয়ারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া না গেলেও তার পরিবারের সদস্যরা জানান, “তেমন কোনো বড় ঘটনা নয়, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে মাত্র।” এ ঘটনায় আহত পক্ষ খোকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন,এক পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
