বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নে শরিকানা টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই গৃহবধূ বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত গৃহবধূর নাম রিক্তা খাতুন (৩৫)। তিনি গোপগ্রাম ইউনিয়নের দাখিল মাদ্রাসার পাশের এলাকার বাসিন্দা হাসান মৃধার স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরিকানা টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে রিক্তা খাতুনের সঙ্গে তার আপন দুই দেবর ও তাদের স্ত্রীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
অভিযোগ রয়েছে, লাঠির আঘাতে তার মাথায় গুরুতর জখম হয় এবং সেখানে ৭টি সেলাই দিতে হয়েছে। আহত রিক্তা খাতুনের স্বজনরা জানান, ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার বিষয়ে জানতে মৃত সোবাহান মৃধার ছেলে সুরুজ ও ফিরোজ বলেন, জমি বণ্টনের সময় আমাদের পাকা টয়লেট ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে তাদের কোনো জমিই আমাদের অংশে নেই। টিউবওয়েলটি আমাদের সীমানার মধ্যে রয়েছে। মারধরের বিষয়ে তারা দাবি করেন, মোবাইল ফোন দিয়ে একটু আঘাত লেগেছে মাত্র। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
