খোকসায় গুলি করে যুবককে হত্যার চেষ্টা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় গুলি করে যুবককে হত্যার চেষ্টা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাপ্পু বিশ্বাস (৩৫) নামের একজনকে গুলির পর ধারলো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজী’র ব্রিজের ৩০ গজ উত্তরে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা এ হামলা চালায়। আহত পাপ্পু বিশ্বাস ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনার পর ওসমানপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার কিছু সময় আগে পাপ্পু বিশ্বাস নিজে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরের ভাড়া বাসায় ফিরছিলো। ওসমানপুর গ্রামের জিকে খালের কাজী ব্রীজের কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে লক্ষ্য করে কয়েকরাউন্ড গুলি ছোড়ে। পাপ্পু গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত পাপ্পুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।

সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। আহত যুবকের বাবা ওয়াজেদ আলী বলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার মোটরসাইকেল থামিয়ে ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালিয়েছে। দুটি গুলি পায়ের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেড়িয়ে গেছে। একটি গুলি হাটুর মধ্যে আটকে আছে। এ ছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়েছে। তিনি ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত পরে জানাবেন বলেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ যুবককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এখানেই চিকিৎসা দেওয়া যাবে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোতালেব হোসেন বলেন,পাপ্পু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার পর থেকে ওসমানপুরে পুলিশের একটি বড় টিম অভিযান পরিচালনা করছে। এখনো মামলা হয়নি।