খোকসায় ক্যান্সারে আক্রান্ত স্বামীসহ গৃহবধূ ও শাশুড়িকে পিটিয়ে আহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ক্যান্সারে আক্রান্ত স্বামীসহ গৃহবধূ ও শাশুড়িকে পিটিয়ে আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূ, তার ক্যান্সার আক্রান্ত স্বামী ও শাশুড়িকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আমবাড়িয়া ইউনিয়নের ধোকরাকোল কুঠিপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বিল্লাল (৫০), জয়নাল (৪৫), জিকু (৩৫) এবং তাদের মা মিলে একই গ্রামের ক্যান্সার আক্রান্ত অসুস্থ মজিদ (৪৫), তার স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) ও শাশুড়িকে বাশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় স্ত্রী মাহফুজার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত বিল্লালের সঙ্গে কথা বলতে তার বাড়ির উপর গেলে তিনি ঘটনাটি স্বীকার করে বলেন, আমার বাঁশঝাড়ের বাঁশ কেটে নিয়েছে, তাই রাগের মাথায় পিটিয়েছি। আমি মামলা-হামলার ভয় পাই না।

এদিকে, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে একপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়রা বলেন, এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসুস্থ ও নারী সদস্যদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।