খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার বি-মির্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার খান। সম্প্রতি ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে শামিমসহ কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়, ফলে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার খান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঘর নির্মাণের জন্য টিন, বস্ত্র এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, এমন দুঃসময়ে তার এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কাজে পাশে থাকবেন। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের কাজ দ্রুত শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
