খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৬, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট আন্তজেলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) হাটশ হরিপুর নদীর কুল দক্ষিণপাড়া জিরো পয়েন্টের ফুটবল মাঠে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি সাবেক নেতা মাহফুজুর রহমান মিথুন, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি ও যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আমিরুল ইসলাম আন্টু, সাংবাদিক হাসান আলী প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম চমন, পরিচালনা করেন সদর থানা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা জামান আরিফ। সার্বিক তত্বাবধানে সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল হোসেন, আমন্ত্রণে ছিলেন, জেলা কৃষক দলের সদস্য কালাম মন্ডল, সার্বিক সহযোগিতা করেন রকি মন্ডল, নিশাত, শান্ত, অভি, লিখন, সবুজ, শিমুল ও সুমনসহ এলাকাবাসী।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আজকের এই আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, এটি তরুণ সমাজকে সুন্দর ও সুস্থ পথে এগিয়ে নেয়ার একটি উদ্যোগ। প্রয়াত আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াবান্ধব একজন মানুষ। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে তিনি যেভাবে কাজ করেছেন, আজকের এই আয়োজন তাঁর প্রতি শ্রদ্ধা জানাবার এক সুন্দর উপলক্ষ। তিনি আরো বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি চরিত্র গঠন করে, দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা সৃষ্টি করে এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে।

আপনারা মাঠে যেভাবে শৃঙ্খলা ও আন্তরিকতার পরিচয় দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনারাই এই এলাকার গর্ব, আপনারাই ভবিষ্যৎ নেতৃত্ব। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলেই আমাদের তরুণদের জন্য খেলাধুলা, শিক্ষা ও উন্নয়নের সুযোগ আরও বাড়াতে পারব। এ এলাকার উন্নয়ন, যুবসমাজের বিকাশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা, এসব বিষয়ে আমি সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকব, ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, সকলে তার জন্য দোয়া করবেন। এদিকে এ খেলায় রাতের আলোকসজ্জা, দর্শকদের উচ্ছ্বাস ও সংগঠকদের পরিশ্রমে টুর্নামেন্টকে কেন্দ্র করে হাটশ হরিপুর ফুটবল মাঠে ছিল এক উৎসবের আমেজ। খেলা দেখতে নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমায়।

ফাইনাল ম্যাচে সেরা বন্ধু ও নুর মোহাম্মদ সাবান স্মৃতি ফুটবল টিম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দল গোলশূন্য ড্র করলে টাইব্রেকারে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন। এতে চ্যাম্পিয়ন হয়েছে সেরা বন্ধু ফুটবল টিম। খেলায় সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় রাখতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতি বছরই এই নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।