খোকসা প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খোকসা উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোকসা যুবসংঘ ও পাঠাগারের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দিপন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, কুষ্টিয়া জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা সৈয়দা ফাহিমা রুমী, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন, খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু। এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়া ফুটবল একাদশ ও কুমারখালি ফুটবল একাদশ।
রোমাঞ্চকর এই ম্যাচে উভয় দলই আক্রমণ-প্রতি-আক্রমণে খেলার গতি ধরে রাখে। খেলা চলাকালীন দুটি দলই একটি করে গোল দেওয়ায় ট্রাইবেকারে কুমারখালি ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিলো। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি ও ৫০ হাজার টাকা এবং পরাজিতদের রানার্সআপ ট্রফি ও ৩৫ হাজার টাকা তুলেদেন। এছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কার ও সেরা দর্শকের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। এসময় প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আজকের এই ফুটবলের জমজমাট ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত।
তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সমাজকে একত্রিত করে, যুব সমাজকে শৃঙ্খলার পথ দেখায় এবং একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিক শক্তি জাগিয়ে তোলে। তিনি আরো বলেন, খেলাধুলা মানুষকে মানবিক করে, দূরত্ব ঘুচিয়ে একত্রিত করে, আর যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। আমাদের দেশের তরুণরা যদি নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তবে তারা নিজের ভবিষ্যৎ যেমন গড়বে, তেমনি দেশকেও এগিয়ে নিতে কাজ করবে।
সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। ইতিমধ্যে কুষ্টিয়া-৪ আসনে দল থেকে আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছে। বিগত সময়ে বেশ কয়েকবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করেছি।বাংলাদেশের উন্নতি, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং যারা ভোটার আছেন তারা ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন।
আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি নিয়মিত খেলার ব্যবস্থা করা হবে। যাতে ভালো খেলোয়াড় তৈরী হয় এবং তারা যেনো জাতীয় দলে খেলতে পারে সেই ব্যবস্থা করবো। এদিকে নাফিজ আহমেদ খান রাজু বলেন, “খোকসা উপজেলায় খেলাধুলা ও যুব সমাজকে এগিয়ে নিতে আমরা প্রতি বছর এ আয়োজন করি। ভবিষ্যতেও আরও বড় পরিসরে আয়োজন করা হবে। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
