আজাদ সানি ॥ “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ের উপর গতকাল রবিবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহীনের সার্বিক আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালীন তারণ্যের উৎসব উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতায় পার্শ্ববর্তী ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন যথাক্রমে-খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, গোস্বামী দূর্গাপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, শংকরদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও আইলচারা মাধ্যমিক বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগীতা শেষে অনুষ্ঠানে মডারেটরের দায়িত্বে থাকা অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ রবিউল ইসলাম গোস্বামী দূর্গাপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ম স্থান অধিকার করায় (পক্ষের দল) বিজয়ী এবং (বিপক্ষের দল) খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়কে দ্বিতীয় হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন শংকরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তারিক ঈমাম ও দূর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক সৈকত। এসময় খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে সকল শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
