খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া সদরের জিয়ারখী ইউনিয়নের মঠপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফজলুল হক মল্লিকের নিজ বাড়ি প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফজলুল হক মল্লিক। এতে বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, স্থানীয় সমাজপতি এ এম কহিনুর আলম, অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সৈয়দ তুষার ইমরান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শফিউদ্দিন, ইবি ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন, সদস্য হৃদয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তিনি বেঁচে থাকা অবস্থায় অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েও অন্যায়ের কাছে মাথানত করেননি। তার আপোষহীন নেতৃত্বের জন্য এ দেশের মানুষ তাকে ভালোবেসেছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তিনি নানা ষড়যন্ত্র, নির্যাতন ও অন্যায়ের শিকার হয়েছেন। তবুও তিনি কখনো দেশ ও মানুষের কথা ভুলে যাননি। তিনবারের প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতায় থাকাকালীন নানা উন্নয়ন করেছেন, কৃষি, নারী শিক্ষা, মুক্তিযোদ্ধাদের জন্য সুবিধা, দুর্নীতি দুর করতে দুদক সৃষ্টি, সন্ত্রাস নির্মূলে র‌্যাব গঠন করেছিলেন।

দেশের উন্নয়ন করেও ঢাক ঢোল পিটাননি। যা কিছু করেছেন জনগণের কল্যানের জন্য।  তার একটাই চাওয়া ছিলো, এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আজ তিনি আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের দুই পুত্রের এক পুত্র মরহুম আরাফাত রহমান কোক’র রুহের মাগফিরাত কামনা, দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।