খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন আপোষহীন নেতৃত্ব:প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন আপোষহীন নেতৃত্ব:প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া বড় রেল স্টেশন এলাকায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক হাজী রবিউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহি উদ্দিন চৌধুরী মিলন ও অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই। এছাড়া জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান, পৌর মহিলা দলের সভাপতি সুলতানা আফরিদী শিল্পী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি রেখা পারভীন, মহিলা শ্রমিক দলের সভাপতি ফারজানা ববি রুমা ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। তিনি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে জীবন উৎসর্গ করে গেছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন আপোষহীন নেতৃত্ব। আগামী দিনে তার আদর্শ ধারন করে আমাদের পথ চলতে হবে। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।