খালেদা জিয়ার মতো দেশনেত্রী আমরা দ্বিতীয়বার পাবো না: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়ার মতো দেশনেত্রী আমরা দ্বিতীয়বার পাবো না: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় কুষ্টিয়া জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর কোর্ট স্টেশন চত্বরে কুষ্টিয়া জেলা বিএনপি দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে বিএনপি ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিপুল সংখ্যক মুসল্লীরা অংশ নেয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এছাড়া জাতি ও গনতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ শ্রদ্ধাভরে বেগম খালেদা জিয়াকে স্মরন করে বলেন, এই রকম জানাযা, মানুষের শতস্ফুর্ত দোয়া আহাজারি, বেদনা, বিভূর মন নিয়ে অংশ গ্রহণ এটা কখনো দেখি নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাযাও দেখেছি, সেটাও ছিলো ইতিহাস সৃষ্টিকারী। আরেকটা জানাযা আমরা অবলম্বন করেছি গত ৩১ ডিসেম্বর। আমরা দীর্ঘদিন যাবৎ এই দেশমাতার জন্য দোয়া করেছিলাম তার সুস্থতার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে চিরবিদায় নিতে হলো। এটা মেনে নিতে হবে, কারন জন্ম মানেই মৃত্যু। আমাদের আপসোস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে জুলুম করা হয়েছে, উনি যে মজলুম এটার জন্য।

কিন্তু সেই আপসোসকে শক্তিতে পরিনত করেছি এই অনুপ্রেরণায় যে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ দলমত নির্বিশেষে, ধর্ম,বর্ন, শ্রেণী পেশা, সকল মানুষ অন্তর থেকে তাকে ভালোবেসেছে এবং তার জন্য দোয়া করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ এখানে সমবেত হয়েছি তার আত্মার মাগফিরত কামনার জন্য। আল্লাহপাক তার অতীতের সমস্ত ভালো কাজ, অসংখ্য গুন বৃদ্ধি করে, সওয়াবের খাতায় যুক্ত করুন এবং এই বাংলাদেশ সহ বহির্বিশ্বের মানুষের দোয়া কবুল করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরন করে বলেন, গত ৩০ ডিসেম্বর এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী, এদেশের মানুষের শেষ আশ্রয়স্থল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন।

উনি বেঁচে থাকা অবস্থায়, শত নির্যাতন, নিপীড়ন উপেক্ষা করে, উনি কিন্তু ১৮ কোটি মানুষকে ছেড়ে কখনো কোথাও যাননি। এজন্য দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সারা বাংলাদেশ ও বহির্বিশ্ব থেকে ৩১ ডিসেম্বর জানাজা নামাজে অংশ গ্রহণ করেছিলেন। তার প্রতি মানুষের যে অগাত ভালোবাসা সেটা সেদিন প্রমানিত হয়েছে। তিনি আরো বলেন, তার মতো দেশনেত্রী আমরা দ্বিতীয়বার পাবো না। তিনি গ্রেড লিডার। অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। দেশের এই ক্রান্তিলগ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব প্রয়োজন ছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।