ক্ষমতার জন্য নয়-আপনাদের সেবার জন্য ভোট চাই :প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্ষমতার জন্য নয়-আপনাদের সেবার জন্য ভোট চাই :প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া শহরে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির দলীয় নারী পুুুুরুষ কর্মীরা কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন তারা। এরই অংশ হিসেবে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌর ১৮ নং ও ১৬ নং ওয়ার্ডে এবং বিকেলে পৌর ১৪ নং ওয়ার্ডে প্রচারনায় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ নেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি ভোটারের কাছে গিয়ে তারা বিএনপির ৩১ দফা কর্মসূচির বিষয়ে অবগত করেন। নারীদের ফ্যামিলি কার্ড, যুবকদের কর্মসংস্থান, কৃষিতে উন্নয়নসহ নানান বিষয়ে প্রতিশ্রুতি দেন। এ সময় ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের অধিকার, সম্মান ও ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার নিয়ে। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার, ন্যায্য কাজের সুযোগ ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। এই অবস্থা পরিবর্তনের সময় এখনই।

তিনি বলেন, এলাকার উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করব। যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূর করতে বাস্তব উদ্যোগ নেব। নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করব। আমি ক্ষমতার জন্য নয়-আপনাদের সেবার জন্য ভোট চাই। আপনার একটি ভোট ধানের শীষে দিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনুন। আগামী ১২ তারিখ সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি। এদিকে কুষ্টিয়া পৌর ১৪ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনাকালে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, জনগণের কাছ থেকে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছেন, ধানের শীষের প্রতি তাদের আগ্রহ ও সমর্থন স্পষ্ট। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই এবারের নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটি প্রত্যাশা কাজ করছে। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার কারণে মানুষ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা বিশ্বাস করি, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করলে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আগামী ১২ জানুয়ারি জনগণের ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।