কোকোর নামে আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্য - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কোকোর নামে আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্য

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২৬

জেলা বিএনপির তীব্র নিন্দা

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের “দাঁড়িপাল্লা প্রতীকের” প্রার্থী মুফতি আমীর হামজা’র একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ফেসবুকে শুনলাম, মুফতি আমির হামজা তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটা ইতর প্রাণির সাথে তুলনা করা হয়েছে, যেটাতে আমাদেরকে ব্যথিত ও সংক্ষুদ্ধ করেছে।

এরূপ অশালীন, কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোনভাবেই প্রত্যাশা করা যায় না। সভ্যতার সীমা অতিক্রম করে আমির হামজা সাহেবের বর্ণিত বক্তব্যের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আমরা মনে করি তাঁর বক্তব্য উস্কানিমূলক ও চক্রান্ত মুলক। যেটা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশন সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশাকরি প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে সমালোচিত ইসলামি বক্তা মরহুম আরাফাত রহমান কোকোর নাম উল্লেখ করে অশালীন ভাষা ব্যবহার এবং নামের শব্দের বিকৃতি করে অবমাননাকর মন্তব্য করতে দেখা গেছে। এমন আচরণ শুধু রাজনৈতিক শিষ্টাচারবিরোধীই নয়, বরং একজন মৃত ব্যক্তির সম্মানহানির শামিল।

প্রকৌশলী জাকির হোসেন সরকার আরও বলেন, একজন প্রয়াত মানুষকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করে বলেন, আমির হামজা দীর্ঘদিন ধরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। কেউ প্রতিবাদ বা প্রতিহত করলে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবে এ কারণে অনেকেই প্রতিবাদ জানাতে সাহস পাচ্ছেন না। এ বিষয়ে অভিযুক্ত আমির হামজার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।