কৃত্রিম সংকট-মজুতদারি কিংবা অযৌক্তিক মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়: ডিসি ইকবাল হোসেন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কৃত্রিম সংকট-মজুতদারি কিংবা অযৌক্তিক মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়: ডিসি ইকবাল হোসেন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রঞ্জুউর রহমান ॥ আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একাধিক সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার  সদর সার্কেল  প্রণব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার (অঃদা) মোহাম্মদ জাহাঙ্গীর আলম,

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী, সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ট্রেজারি ও স্ট্যাম্প শাখা) মোহাম্মদ জাহিদ হাসান, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান টিটু এবং এবং পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান,জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেন যৌক্তিক ও সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই পবিত্র সময়ে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অযৌক্তিক মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিয়মিত বাজার তদারকি জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।