কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৪ আসনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকসা) উপজেলার কয়েকশ নেতাকর্মী কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জড়ো হন। এসময় জামায়াত কর্মীদের মব, ভুল ফলাফল প্রকাশ, জোরপূর্বক এজেন্ট থেকে গণনার পূর্বে স্বাক্ষর গ্রহণ ও গণনায় কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করার অভিযোগ তোলেন। কুষ্টিয়া ৪ আসনের ফলাফল স্থগিত করে ভোট পুনর্গণনার দাবি করেন। বিক্ষোভকারীরা বলেন, কুষ্টিয়া ৪ আসনের ভোটে কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থীকে জিতিয়ে দেয়া হয়েছে। তাই অতিদ্রুত ভোট পুনর্গণনার দাবি জানান।

অন্যথায় আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার দাবিতে লিখিত অভিযোগ জমা দেন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এছাড়াও কুমারখালী-খোকসা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর বিপক্ষে ভোট করেছে দাবি করে এই দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করতে তারেক রহমানের প্রতি আহ্বানও জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারখালী ও খোকসা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরারা। প্রসঙ্গত, কুষ্টিয়া ৪ আসনে ৭ হাজার ৬৩০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মো. আফজাল হোসেন। তিনি ১ লাখ ৪৬ হাজার ২০৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির  সৈয়দ মেহেদী আহমেদ রুমী পান ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট। কুষ্টিয়া ৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৪১৬। মোট ভোট কেন্দ্র ১৫২টি।