কুষ্টিয়া-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে মামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে মামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১২, ২০২৬

নিজ সংবাদ ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসন সহ ৫টি আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি হেফাজতে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাকি আসনগুলো হলো, ঢাকা ১৩, ঢাকা ৫, গাইবান্ধা ৫ ও পাবনা ৩। গতকাল বুধবার (১১ মার্চ) কারচুপির অভিযোগের মামলাগুলো শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছিলেন ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ঢাকা ৫ আসনের বিএনপি প্রার্থী মো. নবী উল্লাহ, গাইবান্ধা-৫ আসনের বিএনপি প্রার্থী মো. ফারুক আলম সরকার, পাবনা ৩ আসনের বিএনপি প্রার্থী মো. হাসান জাফির তুহিন এবং কুষ্টিয়া ৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এর আগে, গত রোববার (৮ মার্চ) একই ধরনের অভিযোগের ভিত্তিতে ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম হেফাজতে নিতে ইসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীকে নোটিশও জারি করা হয় ওইদিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলাটি করেছিলেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রসঙ্গত, নির্বাচনের দল পুনর্গণনার গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হাইকোর্টে আবেদন করেছিলেন ২৫ জনেরও বেশি প্রার্থী। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭৮, কুষ্টিয়া-৪  আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী উক্ত আসনের নির্বাচনে অনিয়ম এবং ভোটকারচুপির অভিযোগ এনে নির্বাচন ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচনী মামলা দায়ের করেন।

মামলা নং ২৮/২০২৬। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭৮, কুষ্টিয়া-৪  আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এস আসনে এই আসনের দুইটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫২টি ভোট কেন্দ্রের ৮৪১ টি ভোট কক্ষে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৪১৬ জন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়েত ইসলামী মেনানীত প্রার্থী মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট পেয়েছিলেন। এই দুই প্রার্থী ভোটের ব্যবধান ৮ হাজার ৫৯৮ ভোট।