কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীকে প্রার্থী করার দাবিতে মৌন মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর থেকে এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি শুরু করা হয়। পরে মিছিলটি শহরের স্টেশনবাজার, থানামোড়, গণমোড়, হলবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ফের গোলচত্বর এসে শেষ হয়। এ সময় কুমারখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম বলেন, দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মেহেদী আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিলেন না। নেতা-কর্মীদের বিপদে পাশে ছিলেন না। তাঁকে মনোনয়ন দেওয়ায় অখুশি তৃণমূল নেতা-কর্মীরা। দ্রুত তাঁর মনোনয়ন পরিবর্তন করে শেখ সাদীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, তৃণমূল বিএনপির নেতাকর্মীরা সবাই শেখ সাদীর পক্ষে। তাঁকে মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, মেহেদীকে পরিবর্তন করে সাদীকে মনোনয়ন না দিলে এই আসনে ধানের শীষ প্রতীকের বিজয়ী করা সম্ভব হবে না।
শেখ সাদী অনেক বছর আগে থেকেই দুই উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। গ্রামের সাধারণ মানুষ তাঁকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। এখানে রুমী থাকলে জামায়াতের প্রার্থী জিতে যাবেন। উল্লেখ্য, ৩ নভেম্বর কুষ্টিয়া ৪ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তাঁকে মনোনয়নের পর থেকেই পরিবর্তনের দাবিতে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী ও কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সমর্থকরা প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মশাল মিছিল এবং মানবন্ধন চালিয়ে যাচ্ছেন।
