কুষ্টিয়া-৩ (সদর) আসনে সোহরাব উদ্দিনকে মনোনীত করার দাবিতে কুষ্টিয়ায় তৃনমূল নেতাকর্মীদের মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৩ (সদর) আসনে সোহরাব উদ্দিনকে মনোনীত করার দাবিতে কুষ্টিয়ায় তৃনমূল নেতাকর্মীদের মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের সমর্থকেরা মানববন্ধন করেছেন। এই আসনটিতে সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনীত “ধানের শীষ প্রতীক” প্রার্থী করার দাবিতে তৃণমূল নেতাকর্মীরা গতকাল শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া শহরের ইসলামী কলেজ গেট সংলগ্ন এন এস রোডে মজমপুর গেট পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে হাজারো নারী পুরুষসহ নেতাকর্মী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে সোহরাব উদ্দিনের সক্রিয় ভূমিকা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূলের আস্থা তার ওপর বেশি। স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক ও দলের সংকটময় সময়ে পাশে থাকার কারণে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির একজন যোগ্য প্রার্থী। নেতাকর্মীরা আরও বলেন, তৃণমূলের প্রত্যাশা ও দাবি এবারের নির্বাচনে কেন্দ্র থেকে সোহরাব উদ্দিনকে মনোনয়ন দিয়ে কুষ্টিয়া অঞ্চলে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করবেন। মানববন্ধনে অংশ নেওয়া তৃনমুলকর্মীরা অভিযোগ করেন, কুষ্টিয়া-৩ সদর আসনে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে মনোনয়ন দেওয়ায় “বিতর্কিত হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের বাইরে গিয়ে জাকির সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা বলেন, দলের কঠিন সময়ে যিনি মাঠে ছিলেন, তাকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলীয় চেতনার পরিপন্থী। এদিকে ত্যাগী নেতারা বলেন, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের সংগ্রাম, জনসমর্থন ও ত্যাগ অবমূল্যায়ন করলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তাই অবিলম্বে নির্বাচনের আগে বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সোহরাব উদ্দিনকে মনোনীত করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগান দিতে দিতে বলেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে। তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।