কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষ ও হাতপাখা প্রার্থীর কুশল বিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষ ও হাতপাখা প্রার্থীর কুশল বিনিময়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) নির্বাচনী প্রচারণাকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও হাতপাখা প্রতীকের প্রার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া পৌর সভার লাহিনী বটতলা এলাকায় প্রচারণার সময় উভয় প্রার্থী মুখোমুখি হলে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে এ আসনটিতে প্রচারনাকালে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সাথে হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আখন্দ কুশল বিনিময় করেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদসহ দুই পক্ষের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়া সত্ত্বেও এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ নির্বাচনী পরিবেশকে আরও শান্ত ও ইতিবাচক করতে ভূমিকা রাখবে। উভয় প্রার্থীই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন বলে জানান। কুশল বিনিময়ের এই দৃশ্য এলাকায় আলোচনার সৃষ্টি করেছে এবং ভোটারদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মনে করছেন সচেতন মহল।