বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কুষ্টিয়া পৌর বাজার এলাকায় কুষ্টিয়া-৩ আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালান তিনি। পরে দুপুর ২টা থেকে কুষ্টিয়া-৪ আসনের আওতাধীন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে প্রচারণা কার্যক্রমে অংশ নেন।
প্রচারণাকালে এ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “ধানের শীষ হচ্ছে মানুষের ভোট ও অধিকার পুনরুদ্ধারের প্রতীক। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের বিকল্প নেই।” তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” প্রচারণা চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও উৎসাহে প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
