কুষ্টিয়া-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আরিফুজ্জামান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আরিফুজ্জামান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৬, ২০২৫

খেলাফত মজলিসের মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিসের নেতা মাওলানা আরিফুজ্জামান ঢাকায় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মাওলানা মামুনুল হক তাকে নির্বাচনী লড়াইয়ে সাহস, নিষ্ঠা ও আদর্শ ধরে রেখে কাজ করার পরামর্শ দেন। মাওলানা আরিফুজ্জামান বলেন, “আমি নেতৃত্ব নয়, সেবা করতে এসেছি। আমাদের এই পথ চলায় দলের শীর্ষ নেতার দোয়া ও দিকনির্দেশনা প্রেরণা জোগাবে।” রিকশা প্রতীক শুধু আমার একার নয়, এটি মিরপুর-ভেড়ামারার শান্তিপ্রিয় মানুষের প্রত্যাশা, অধিকার ও পরিবর্তনের প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে আমি আপনাদের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।” সাক্ষাৎ শেষে দু’জনেই খেলাফত মজলিসের জাতীয়তাবাদী মূল্যবোধ ও ইসলামী রাজনৈতিক চেতনা বাস্তবায়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে মিরপুর ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যেই ভোটারদের মধ্যে সাড়া ফেলেছেন তিনি। “রিকশা প্রতীক” কে সামনে রেখে তার প্রচারণা এখন আরও বেগবান হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।