কুষ্টিয়া-১ আসনে ৮ প্রার্থীর ৬ জনই জামানত হারালেন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-১ আসনে ৮ প্রার্থীর ৬ জনই জামানত হারালেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৫, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ প্রার্থীর ৬ জনই জামানত হারিয়েছেন। এরমধ্যে ৩ জন প্রার্থীর প্রাপ্ত ভোট চার অংকের ঘরেও পৌঁছাতে পারেনি। গত শুক্রবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিন্দ্য গুহ এসব তথ্য জানান। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ আসনে ৮ জন প্রার্থী অংশ নিলেও ভোটে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দীনের মধ্যে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীর ছয়জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী যদি তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়।

এ বিধান অনুযায়ী, দৌলতপুর আসনে জামানত হারানোরা হলেন- দৌলতপুর বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ১৭,৮৬৪ ভোট, জাতীয় পার্টির শাহারিয়ার জামিল ১০৯৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম ৪০৬৩ ভোট, গণঅধিকার পরিষদের শাহাবুল ইসলাম ৬১৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান ২৪১ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দলের ড. গিয়াস উদ্দিন ৩০৩ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, এ বিধান যেসব প্রার্থী মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২% এর কম পাবেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী দৌলতপুর আসনের ৬ জন প্রার্থী জামানত হারাবেন।