কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদকসহ চোরাচালান পণ্য উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (২৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৪০ বোতল মদ, ১ হাজার ২৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস চকলেট বোমা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ চরপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ভারতীয় মাদক ও চোরাচালানি মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।