কুষ্টিয়া সদর গোপিনাথপুর মৌজায় বালু মহল ইজারা বাতিলের দাবি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদর গোপিনাথপুর মৌজায় বালু মহল ইজারা বাতিলের দাবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৭, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার গোপিনাথপুর মৌজার ১৫ নং ওয়ার্ড জুগিয়া এলাকার বালু মহল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল বিকাল ৪ ঘটিকায় দাদাপুর সড়কের কানাবিল মোড়ে মানববন্ধন করেন এলাকাবাসী। সুত্রে জানা যায়, জুগিয়া বালুরঘাট ইজারা বন্দোবস্ত বাতিলের দাবী ও জনদুর্ভোগ লাঘবে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সহিত উল্লেখ করেন, কানাবিল কুবদা সড়কটি জনগনের চলাচল তথা শহরে প্রবেশের একমাত্র রাস্তা হলেও বালুরঘাটের কারণে চলাচলের অনুপযোগী হয়ে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

মানুষ বিকল্প রাস্তা দিয়ে জীবন-জীবিকা এবং লেখাপড়ার প্রয়োজনে শহরে যাতায়াত করতে বাধ্য হচ্ছে, ধুলাবালি আর ভারি যানবাহনের দাপটে এলাকার মানুষ অতিষ্ট দীর্ঘদিন। আওয়ামী সরকার পতনের পর বালুরঘাট টি বন্ধ হয়ে গেলে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে, সম্প্রতি জনদুর্ভোগ লাঘবে কানাবিল টু কুবদা সড়কটি নির্মাণে ১ কোটি ৯৭ লক্ষ টাকার প্রকল্প গ্রহণ করে এলজিইডি, এমতবস্থায় পুনরায় বালু মহল ইজারা দেওয়ার খবরে আমরা হতাশ ও বিক্ষুব্ধ, সে সাথে বালুরঘাট বন্ধে আমরা ঐক্যবদ্ধ ও সচেষ্ট। এলাকা সূত্রে আরো জানা যায়, বর্ষার সময় কাদা পানি আর গ্রীষ্মের সময় প্রচুর ধুলাবালিতে ভোগান্তির শিকার হোন স্থানীয় জনবসতি।

রাস্তার পাশে আবাসিক জনবসতি থাকায় গাড়ির উচ্চশব্দ ও অতিরিক্ত গতিতে চলার কারনে অসুস্থ রোগী, বয়স্ক মানুষ, প্রসূতি রোগী সহ ছেলেমেয়েদের লেখাপড়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হয়। প্রতিনিয়ত গাড়ি চলার কারণে এলাকার বসতবাড়ি, রাস্তাঘাট ,বাজারসহ সবকিছুই ক্ষতির মুখে। তাই এলাকার সুষ্ঠু পরিবেশ ও জনকল্যাণে জনদুর্ভোগের অন্যতম কারণ এই বালুরঘাট টি ইজারা বন্ধের জোর দাবী সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট।