নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে ৬৭ হাজার ৪৮১ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী মোটরসাইকেল প্রতীক নিয়ে আবু আহাদ আল মামুন ৩ হাজার ৫৬৪ ভোট পেয়েছেন। গতকাল বুধবার (৮ মে) রাতে সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সহিদুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন। উপজেলার ১৩টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ৭৩ হাজার ২৯৯ জন ভোটার ভোট দেন। তার মধ্যে ৭১ হাজার ৪৫ ভোট বৈধ এবং ২ হাজার ২৫৪ ভোট অবৈধ হয়েছে। সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সহিদুল রহমান জানান, আতাউর রহমান আতা আনারস প্রতীকে ৬৭ হাজার ৪৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী মামুন পেয়েছেন ৩ হাজার ৫৬৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সদর থানা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা পালকী প্রতীক নিয়ে ৪৭ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন টিয়া প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮০৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন লতা খাতুন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৮০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী শাহানাজ পারভীন রেখা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৯৮৭ ভোট। কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন ২৫ হাজার ১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৬২ ভোট। নির্বাচিত আল মাসুম মোর্শেদ শান্ত খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। খোকসা উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। খোকসা উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৮ জন। উপজেলার ৫০টি ভোট কেন্দ্রে ৩৪২টি বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
