বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় উদ্যোগ নিয়ে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় থেকে দলীয় ব্যানার-ফেসটুন সরিয়ে নিলেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে নিজ হাতে ব্যানার ফেসটুন সরিয়ে ফেলতে দেখা যায়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপনারা জানেন গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তীতে প্রতিটি প্রার্থী বা তাদের কর্মী সমর্থকদের উচিৎ নিজ দায়িত্বে প্রচারনার ব্যানার ফেসটুন সরিয়ে ফেলা।
এছাড়া পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যাতে করে শহরের পরিবেশ ভালো থাকে। তিনি আরো বলেন, “শহর আমাদের সবার। রাজনৈতিক কর্মসূচি শেষে ব্যানার-ফেস্টুন অপসারণ করা দায়িত্বের অংশ। পরিচ্ছন্ন কুষ্টিয়া গড়তে ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা বিগত সময় থেকে কাজ করছি, আগামী দিনেও সচেতনভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তথ্য সূত্রে জানা যায়, নির্বাচন পরবর্তীতে ব্যবসায়ীক ও দলীয় কাজে জরুরি ভাবে প্রকৌশলী জাকির হোসেন সরকার ঢাকায় ছিলেন।
সে জন্য শহরের ব্যানারা সরিয়ে ফেলতে কিছুটা বিলম্ব হয়েছে, তবে কয়েক দিনের মধ্যে সকল ব্যানার সরিয়ে ফেলা হবে বলে জানানো হয়। তবে ভবিষ্যতেও শহরের পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়া দলীয় নেতাকর্মীদের কুষ্টিয়া শহরের প্রধান সড়কে ঝুলিয়ে রাখা ব্যানার-ফেস্টুন অপসারণ করার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের মই ও সরঞ্জাম নিয়ে কাজ করতে দেখা যায়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সদর উপজেলা ছাত্র দলের সদস্য সংগ্রামসহ অনেকে। এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ঝুলে থাকা ব্যানার-ফেস্টুন শহরের সৌন্দর্য নষ্ট করে এবং অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে বলে মন্তব্য করেন।
