কুষ্টিয়া পৌর এলাকায় সড়কের পাশে ড্রেনেজ সংকট - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর এলাকায় সড়কের পাশে ড্রেনেজ সংকট

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। বিশেষ করে সরু সড়কগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও ড্রেন থেকে তোলা কাঁদা রাস্তার ওপর ফেলে রাখার কারণে চলাচলে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। স্থানীয়রা জানান, অনেক এলাকায় ড্রেন পরিষ্কারের পর কাঁদা ও বর্জ্য দীর্ঘ সময় রাস্তার ওপর পড়ে থাকে। এতে একদিকে যেমন দুর্গন্ধ ছড়ায়, অন্যদিকে যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়।

পানি নিষ্কাশন না হওয়ায় রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে ছোট যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। কোর্টপাড়া, র‌্যাব গলি, হরিবাসর গলি, আড়ুয়াপাড়াসহ পৌর এলাকার কয়েকটি সরু সড়কে দেখা গেছে, রাস্তার একপাশে ময়লার স্তুপ জমে থাকায় কার্যত অর্ধেক রাস্তা ব্যবহারযোগ্য থাকে। এতে রিকশা, মোটরসাইকেল ও পথচারীদের মধ্যে প্রায়ই ধাক্কাধাক্কি বা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। নগর পরিকল্পনাবিদদের মতে, একটি পৌর শহরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকলে সড়ক দ্রুত নষ্ট হয়ে যায় এবং জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। খোলা ড্রেনে জমে থাকা পানি মশার বংশবিস্তার বাড়ায়, যা ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে।

নাগরিকদের দাবি, নিয়মিত ড্রেন পরিষ্কার করলেও সেই কাঁদা দ্রুত অপসারণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যেখানে ড্রেনেজ নেই বা অপর্যাপ্ত, সেখানে স্থায়ী ড্রেন নির্মাণ জরুরি। সচেতন মহল মনে করেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, সময়মতো কাঁদা অপসারণ এবং সরু সড়কে বিশেষ নজরদারি নিশ্চিত করা গেলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। নগরবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন, যাতে সড়কগুলো নিরাপদ ও চলাচল উপযোগী থাকে।