কুষ্টিয়া পৌর এলাকায় পোস্টার ব্যানার অপসারণ অভিযান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌর এলাকায় পোস্টার ব্যানার অপসারণ অভিযান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২০, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন রাখা যাবে না এমন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। সেই নির্দেশনার আলোকে কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে কাজ শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, তফসিল ঘোষণার পরপরই প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিজ নিজ নির্বাচনী এলাকার পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ সব ধরনের প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য জানানো হয়।

তবে সরেজমিনে দেখা গেছে, কিছু রাজনৈতিক নেতা ও প্রার্থী আংশিকভাবে প্রচার সামগ্রী অপসারণ করলেও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, দেয়াল, বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় এখনও বিপুল পরিমাণ নির্বাচনী পোস্টার ও ব্যানার রয়ে গেছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশক্রমে কুষ্টিয়া পৌরসভার আওতাধীন এলাকায় অবশিষ্ট নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে সক্রিয় ভূমিকা নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার পরিচ্ছন্নতা ও সংশ্লিষ্ট বিভাগ যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুন খুলে ফেলছে। এ বিষয়ে কুষ্টিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নির্বাচন কমিশন আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী পৌরসভার আওতাধীন সব এলাকায় থাকা নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের কাজ করছি।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, প্রার্থীদের নিজ উদ্যোগে প্রচার সামগ্রী সরিয়ে নেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় পৌরসভাকে হস্তক্ষেপ করতে হচ্ছে। ভবিষ্যতে নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি। স্থানীয়দের মতে, নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের ফলে শহরের সৌন্দর্য যেমন ফিরে আসবে, তেমনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হবে। পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা।