নিজ সংবাদ ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ওই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। গত বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি। এ ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাঁকে।
পুলিশের উত্তরা বিভাগের পদস্থ একাধিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও কেউই নিজের পরিচয় দিতে চাননি। তবে তাঁর মধ্যে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি। তবে মামলা নম্বরসহ অন্য বিষয়গুলো আমি জানি না। জেনে বিস্তারিত জানাতে পারব। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমপি পুলিশের একটি দল গত বুধবার বিকেলে কুষ্টিয়া পুলিশ লাইনস এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তার অভিযানে ছিলেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন শরীফ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আ. জব্বার, কনস্টেবল বিল্লাল ও সোহেল।
পরবর্তী সময় কুষ্টিয়া থেকে গত বুধবার মধ্যরাতে তাঁকে উত্তরা পূর্ব থানায় এনে হেফাজতে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তিনি পালিয়ে যান। তবে এ বিষয়ে উত্তরা পূর্ব থানার কোনো সদস্য নাম-পরিচয় প্রকাশ করে কথা বলতে চাননি। এদিকে, শাহ আলমের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে তাঁর স্ত্রী শাপলা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ‘শাহ আলমের কোনো খোঁজখবর তাঁর কাছে নেই। মোবাইল ফোনও বন্ধ পাচ্ছেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে মো. শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মো. সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
