বিশেষ প্রতিনিধি ॥ জেলা পুলিশ, কুষ্টিয়া-এর আয়োজনে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় বিগত মাসের কল্যাণ সভায় গৃহীত প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন থানা-ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, সমাধান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় জানুয়ারি-২০২৬ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এসআই, সার্জেন্ট, টিএসআই, এএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং চৌকস কনস্টেবলসহ মোট ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
সভার শেষাংশে সদ্য অবসরে যাওয়া চারজন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার। কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
