বিশেষ প্রতিনিধি ॥ প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ ৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। গতকাল রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারীকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ।
এই ৫ কর্মকর্তাকে বর্তমানে তাদের বর্তমান পদ থেকে অবমুক্ত করে পরবর্তী পদায়নের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মাঠ প্রশাসনের শীর্ষ পদে এই আকস্মিক পরিবর্তন সরকারের প্রশাসনিক গতিশীলতা আনয়নের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট জেলাগুলোতে নতুন জেলা প্রশাসক হিসেবে কারা দায়িত্ব পাচ্ছেন তা পরবর্তী আদেশের মাধ্যমে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
