কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরুপে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্যাডে দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্বাক্ষরিত এ তথ্য জানা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন, নির্বাচনী এলাকা ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহাস্মেদ বাচ্চু মোল্লা। নির্বাচনী এলাকা ৭৬ কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। নির্বাচনী এলাকা ৭৭ কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রকৌশলী জাকির হোসেন সরকার। নির্বাচনী এলাকা ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

নির্বাচনী এলাকা ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে রেজা আহাস্মেদ বাচ্চু মোল্লার কাছে চুড়ান্ত মনোনয়ন পত্র প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, দল আমার উপর আস্থা রেখে আমাকে আজ চূড়ান্ত মনোনয়নপত্র দিয়েছেন সেজন্য দলের প্রতি কৃতজ্ঞ সেই সাথে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তিনি তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়া দৌলতপুরের সকল নেতা কর্মীরা তাঁর সঙ্গে থাকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন দৌলতপুরের সকল নেতা কর্মীরা আমার সাথে আছে ইনশাআল্লাহ দৌলতপুর আসনটি আগামী ১২ ফেব্রুয়ারি ব্যাপক ভোটে জয়লাভ করে তারেক রহমানের হাতে তুলে দিব।

অপরদিকে নির্বাচনী এলাকা ৭৬ কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেড়ামারা মিরপুরের খেটে খাওয়া মানুষ যারা সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজ ও নারী নির্য়াতনমুক্ত সমাজ চাই, জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতা ও কর্মীর এই মনোনয়ন। যারা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম, খুন, হয়রানি ও মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটি, জেলা বিএনপি, মিরপুর ও ভেড়ামারা উপজেলা বিএনপিকে তার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অপরদিকে নির্বাচনী এলাকা ৭৭ কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে চুড়ান্ত মনোনয়নের ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, এর আগে গত ৩ নভেম্বর দল থেকে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিলো কেন্দ্রীয় বোর্ড। সে সময় দল থেকে বলা হয়েছিলো চুড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত সকলকে মিলেমিশে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। আমরা চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে কাজ করার। আপনারা জানেন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে কুষ্টিয়ার ৪টি আসনে আমাদের প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তলন করেছেন। তবে ইতিমধ্যে জানতে পেরেছি সারা দেশের ন্যায় কুষ্টিয়ার ৪টি আসনে দীর্ঘ যাচাই-বাছাই ও তৃণমূলের মতামতের ভিত্তিতে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।নির্বাচনী প্রচারনা শুরু হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার আহব্বান জানান তিনি।

অপরদিকে, নির্বাচনী এলাকা ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই খোকসা ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী মিয়া বলেন, “বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি সবসময় মানুষের পাশে থেকেছেন। তার সঙ্গে আমাদের বিশ্বাস ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। উনার মনোনয়ন প্রাপ্তিতে এই এলাকায় বিভিন্ন পেশাজীবি, শিক্ষক সহ গরীব মেহনতী মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। যুবদলর নেতা শামীম হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে জননেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় খোকসা ও কুমারখালীর মানুষ আনন্দিত।

তিনি বলেন, এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করি।  কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক খালেদ মাসুদ প্রান্তর বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে অংশ নিয়ে কাজ করে আসছেন। তার মনোনয়ন উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পৌরসভার সাবেক কমিশনার হাসেম আলী বলেন, বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য সহায়ক হবে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন।