কুষ্টিয়ার হরিনারায়ণপুর বেড়বাড়াদীতে দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার হরিনারায়ণপুর বেড়বাড়াদীতে দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার হরিনারায়ণপুরের বেড়বাড়াদিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড় বাড়াদী স্কুল মাঠ প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রবিউল ইসলাম মাষ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধানসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য। আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। তিনব আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বহু ত্যাগ, বহু নির্যাতন ও অবিচারের শিকার হয়েও তিনি কখনো দেশ ও জনগণের প্রশ্নে আপোষ করেননি। তার আপোষহীন নেতৃত্বের জন্য এ দেশের মানুষ তাকে ভালোবেসেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি নানা ষড়যন্ত্র, নির্যাতন ও অন্যায়ের শিকার হয়েছেন। তবুও তিনি কখনো দেশ ও মানুষের কথা ভুলে যাননি। তিনবারের প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতায় থাকাকালীন নানা উন্নয়ন করেছেন, কৃষি, নারী শিক্ষা, মুক্তিযোদ্ধাদের জন্য সুবিধা, দুর্নীতি দুর করতে দুদক সৃষ্টি, সন্ত্রাস নির্মূলে র‌্যাব গঠন করেছিলেন। দেশের উন্নয়ন করেও ঢাক ঢোল পিটাননি। যা কিছু করেছেন জনগণের কল্যানের জন্য। আগামী দিনে তার আদর্শ বুকে ধারন করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।