নিজ সংবাদ ॥ অনলাইন পত্রিকা ও ইউটিউব চ্যানেল বাংলা এডিশন-এ কুষ্টিয়ার মূলধারার সাংবাদিকদের নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন কুষ্টিয়া প্রেসক্লাব ও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক আমার সংবাদ-এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, দীপ্ত টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র ঘোষ, দৈনিক সত্য খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম এবং এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহেল পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, বাংলা এডিশন নামের অনলাইন পত্রিকার ইউটিউব চ্যানেলে কুষ্টিয়ার সাংবাদিকদের নিয়ে প্রকাশিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, যারা কখনও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন, তাদেরকেও ভিডিওতে মাদক ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে। বক্তারা আরও বলেন, ভিডিওতে যেসব ব্যক্তির বক্তব্য সংযোজন করা হয়েছে, তা অসম্পূর্ণ ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে—যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। এ ধরনের অপপ্রচার সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বাংলা এডিশন-এর মিথ্যা সংবাদ বয়কটের আহ্বান জানান এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন। সমাবেশে কুষ্টিয়া প্রেসক্লাব, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নসহ জেলার বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বাংলা এডিশনে প্রচারিত সংবাদে তাদের বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোষ্ট দিয়েছেন সাপ্তাহিক পথিকৃৎ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, দৈনিক ডেইলি ষ্টার এর জেলা প্রতিনিধি আনিস মন্ডল এবং গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
