বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়া সদরের বটতৈল ইউনিয়নের ১নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব, কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে টাকিমারা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনী সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা এখানে সমবেত হয়েছি দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে।
বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অদম্য প্রতীক। বারবার নির্যাতন, অসুস্থতা ও অন্যায়ের শিকার হয়েও তিনি মাথা নত করেননি। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, সাহস ও ত্যাগ আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই—হে আল্লাহ, তুমি আমাদের দেশনেত্রীকে জান্নাতবাসী করুন। তিনি আরো বলেন, বর্তমান দেশ গভীর সংকটে। দেশের ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিলো। কিন্তু আল্লাহর ডাকে তিনি বিদায় নিয়েছেন। বিগত ১৭ টি বছর গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম জিয়ার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার আলোর পথে ফিরবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ধৈর্য, সাহস নিয়ে সততার সাথে এক সঙ্গে কাজ করি। দোয়ার পাশাপাশি ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানই হবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
