বিশেষ প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনের আংশিক ফলাফলে এ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ১৭ হাজার ৮১২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আব্দুল গফুর ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনিত প্রার্থী ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আফজাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।
সার্বিকভাবে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি প্রার্থীর বিজয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকলেও বেসরকারি ফলাফলে বিজয়ীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত কোন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের একটিতেও জামায়াতে ইসলামীর কোন প্রার্থী জয়লাভ করতে পারেনি। এই প্রথম কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটি আসনে জামায়াতের প্রার্থীরা ঐতিহাসিক বিজয় লাভ করার গৌরব অর্জন করেছেন।
