কুষ্টিয়ায় ৪ মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ৪ মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সামারি ট্রাইবুনালের মাধ্যমে ৪ মাদক ব্যবসায়ীকে ১ বছরের জেল দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান স্বাক্ষীসহ সকলের উপস্থিতিতে এ রায় দেন। এসময় ওই মাদক ব্যবসায়ীদের ৫শত টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়। আদালত সূত্রে জানাযায়, ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জগতি পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই সালাউদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল সদর উপজেলার খাজানগরে মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় খাজানগর চাষী ক্লাবপাড়া এলাকায় ফিরোজ শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবাসহ ফিরোজ শেখ, শিপন মন্ডল, মো. সুজন ও জনি শাহকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আসামীদের কুষ্টিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে তোলা হলে স্বাক্ষীসহ সকলের উপস্থিতিতে এ রায় দেন ওই কোর্টের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর চাষী ক্লাবপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ শেখ (৩৮), খাজানগর পশ্চিমপাড়া এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে শিপন মন্ডল (৩৫), কবুরহাট শাহ পাড়া এলাকার রহিম শাহর ছেলে জনি শাহ (২৩) ও কুমারগাড়া কাজিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. সুজন (৪৫)।