দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা পৃথক দুটি অভিযানে ৫.৫০০ কেজি ভারতীয় রৌপ্য ও ৪২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করেছেন। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৮ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ অক্টোবর বিকেল ৫টা ৪০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের মথুরাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/১-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থান থেকে অভিযান চালানো হয়। হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫.৫০০ কেজি ভারতীয় রৌপ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ৭৭ হাজার ১০০ টাকা।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাক তল্লাশি অভিযান চালিয়ে নায়েব সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়নের বিশেষ টহল দল ৪২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করে। এ বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য ১৫ লক্ষ ৮ হাজার ১০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত রৌপ্য সরকারি ট্রেজারিতে জমা এবং নকল বিড়ি কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
