কুষ্টিয়ায় সাইবার সেলের তৎপরতায় ২৫ হারানো মোবাইল উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সাইবার সেলের তৎপরতায় ২৫ হারানো মোবাইল উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সাইবার অপরাধ দমনে তৎপরতার অংশ হিসেবে উদ্ধারকৃত ২৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশ-এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ। জানা যায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া-এর ধারাবাহিক অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৫টি মোবাইল ফোন প্রযুক্তিগত সহায়তায় শনাক্ত ও উদ্ধার করা হয়।

পরে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার মাধ্যমে আইনগত সহায়তা নেওয়া জরুরি। তিনি আরও জানান, মোবাইল চোরচক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মোবাইল ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।