কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৫

সার্বিক তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি: ডিসি ইকবাল হোসেন

 

বিশেষ প্রতিনিধি ॥ গণভোটের শতবর্ষের ঐতিহ্য সামনে রেখে এ নিয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই জনসচেতনতা বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডিসি ইকবাল হোসেন বলেন, জাতীয় নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণভোট শতবর্ষের ঐতিহ্য বহন করছে।

এই দুটি প্রক্রিয়ার সার্বিক তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সাংবাদিকরাই সেই কাজটি সবচেয়ে দক্ষতার সঙ্গে করতে পারেন। তিনি আরও জানান, এ কথা শুধু আমার ব্যক্তিগত মত নয় এটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা। সভায় কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা জেলার সাম্প্রতিক বেশ কিছু ইস্যু নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

এর মধ্যে ছিল কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা, সরকারি কলেজ মোড়ের দোকান ভাঙা, বালু মহাল ইস্যু, লালন মেলায় ঘটে যাওয়া অনিয়ম, শহরের এনএস রোডে যানজট সমস্যা, চরমপন্থীদের আনাগোনাসহ নানা বিষয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আল মামুন খন্দকার সাগর, সদস্য সচিব ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা, প্রথম আলোর নির্দিষ্ট প্রতিনিধি তৌহিদী হাসান শিবলু, দৈনিক খবর আওয়াজের ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, বাংলা টিভির প্রতিনিধি এম লিটন উজ্জামানসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করেন এবং জেলার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।