কুষ্টিয়ায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও কফিন মিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও কফিন মিছিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় থেকে ‘কুষ্টিয়ার সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের  হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় অংশগ্রহণকারীরা শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ফাঁসি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি মজমপুর গেট অতিক্রম করে শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা,কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ মাঃ আবু ইউসুফ, গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকিক আহমেদ, বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখ।