বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার সাদ্দাম বাজার এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে ব্যবহৃত ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা ধ্বংস করা হয়। গতকাল বুধবার (১১ মার্চ ২০২৬) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে চারটি মামলা দায়ের করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সঙ্গে যানবাহনে অবৈধভাবে ব্যবহৃত ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা আফিয়া মাসুমা। অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক। সহকারী প্রসিকিউটর হিসেবে ছিলেন সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক নাসরিন সুলতানাসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
