বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ)। সংস্থাটির উদ্যোগে ইউনিয়নের ১০০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল প্ল্যাটফর্ম নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এস. এম. শফিউল আয়ম।
তিনি বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানির বিকল্প নেই। অনেক এলাকায় এখনো টিউবওয়েলের চারপাশে সঠিক প্ল্যাটফর্ম না থাকায় পানি দূষণের ঝুঁকি তৈরি হয়। তাই আমরা এমন উদ্যোগ নিয়েছি, যাতে মানুষ নিরাপদ পানি ব্যবহার করতে পারে এবং স্বাস্থ্যঝুঁকি কমে।” তিনি আরও বলেন, “নিরাপদ পানির মাধ্যমে সুস্থ জীবনের পথে এগিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও আইডিএফ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।” জানা যায়, অনেক গ্রামীণ এলাকায় টিউবওয়েল থাকলেও যথাযথ প্ল্যাটফর্ম না থাকায় চারপাশে পানি জমে থাকে, যা ব্যাকটেরিয়া ও মশার বংশবিস্তারসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সঠিকভাবে নির্মিত টিউবওয়েল প্ল্যাটফর্ম এসব ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে এবং পানির উৎসকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে। স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে এলাকায় নিরাপদ পানির ব্যবহার আরও সহজ হবে এবং পরিবারের সদস্যরা সুপেয় পানি ব্যবহারে উপকৃত হবেন। আইডিএফ দীর্ঘদিন ধরে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, পানি ও স্যানিটেশন খাতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির এই উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
