নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর থানাধীন মতি মিয়া রেলগেট এলাকায় র্যাব-১২ সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল সোমবার (২৪ নভেম্বর) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে মোছাঃ হিমা খাতুন (৩৭) নামক ওই নারীকে আটক করা হয়, যার স্বামী সানোয়ার হোসেন এবং পিতা হুমায়ুন মিয়া। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন (কাগজের পুরিয়া সহ), মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৬ হাজার ৪৮০ টাকা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য আইনের আওতায় ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে র্যাব-১২ সিপিসি-১ সর্বদা কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। র্যাবের এই অভিযানে মাদক বিশেষজ্ঞদের প্রশংসা ও স্থানীয় জনগণের মধ্যে উল্লাস প্রকাশ করেছে।
