নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফ শেখ হত্যা মামলার আসামী মোঃ মুসা আহমেদ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে কুষ্টিয়া পৌরসভার চর থানাপাড়া এলাকার মৃত এদাত আলীর ছেলে ইউসুফ শেখ (৬৬) মৃত্যুবরণ করেন। ঘটনার পর ১৯ আগস্ট ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় নিহত ইউসুফ শেখ’র মেয়ে বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-১৭।
উক্ত মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় ৪১ নং পলাতক আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন গোপালপুর গ্রাম হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
