নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে স্কুল ছাত্র বলাৎকারের অভিযোগে মোঃ রিফাজ মাষ্টার (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের আকছেদ সরকার ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গত ০১ জুলাই ২০২৪ তারিখ একজন স্কুল ছাত্রের নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ভয়ভীতি দেখিয়ে বলৎকারের অভিযোগ ওঠে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৬, তারিখঃ ০৪/০৭/২০২৪, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)। উক্ত মামলার এজাহার নামীয় আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রিফাজ মাষ্টারকে গ্রেফতার করে র্যাব।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
