কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী টুটুল মোল্লা (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চর থানাপাড়া এলাকার মৃত এদাত আলীর ছেলে ইউসুফ শেখ (৬৬) মৃত্যুবরণ করে।

ঐ ঘটনায় ১৮৬০ সালের পেনাল কোডের ১৪৩/৩০২/১১৪/৩৪ কুষ্টিয়া মডেল থানায় নিহতের মেয়ে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহারনামীয় ১৭ নং পলাতক আসামি টুটুল মোল্লাকে পৌরসভার কুঠিপাড়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।