কুষ্টিয়ায় মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মব সন্ত্রাসের বিরুদ্ধে, অবৈধ কর্মসূচির প্রতিবাদে এবং জনগণের জানমাল রক্ষার্থে মানববন্ধন এবং অবসান কর্মসূচি পালন করেছেন “২৪ এর গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা এসোসিয়েশন ও সর্বোস্তরের জনগণ”। গতকাল সোমবার (২ মার্চ) দুপুর ২টা থেকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্ত্বরে কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে আড়াইটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যায়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

তাঁরা বলেন, এখন জনগনের রায়ে নির্বাচিত সরকার ক্ষমতায়। এখন কোন মব চলবে না। উল্লেখ্য, গত ১লা মার্চ কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন সহ সারা দেশে ৫ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ হতে প্রত্যাহার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর জামায়াতের কিছু লোকজন কুষ্টিয়া জেলা প্রশাসক পদে পুনঃ বহাল রাখার দাবিতে ২ মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। ইতিপূর্বে মব সন্ত্রাসীরা বিভিন্ন অজুহাতে প্রথম আলো পত্রিকার কুষ্টিয়া কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও বিভিন্ন স্থানে ভাংচুর ও লুটপাট করে মব সন্ত্রাসীরা। অভিযোগ আছে বিভিন্ন জায়গায় চাঁদা চেয়ে না পেয়ে মব সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও মামলা বানিজ্য করেছে ওই সন্ত্রাসীরা।